
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত ব্রাহ্মণ্দী কামিনী কিশোর মল্লিক ভোট কেন্দ্র পরিণত হয়েছিল গণতন্ত্রের এক প্রাণবন্ত উৎসবমঞ্চে। সকাল সাড়ে সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত এই কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীক নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
নরসিংদী সদর আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ভোট চলাকালীন সময়ে তিনি কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
ভোটগ্রহণ শেষে প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, “মানুষ টানা ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আজ সকাল থেকেই সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।”
তিনি আরও জানান, জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নির্দেশনায় নির্বাচন আচরণবিধি মেনে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি বাড়াতে নেতাকর্মীরা দায়িত্বশীলভাবে কাজ করেছেন। “আলহামদুলিল্লাহ, সকলের ভালোবাসা ও সহযোগিতায় এই কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত হয়েছে। খায়রুল কবির খোকন ভাইয়ের পক্ষ থেকে সকল ভোটার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি,”—বলেন তিনি।
ব্রাহ্মণ্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রের এই ফলাফল শুধু একটি নির্বাচনী সাফল্য নয়; দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাওয়ার আনন্দে নরসিংদীর মানুষের প্রত্যাশা ও আস্থার এক উজ্জ্বল প্রতিচ্ছবি হিসেবেই দেখছেন স্থানীয়রা।