
মফস্বল সাংবাদিকদের জীবনসংগ্রাম ও সত্য বলার সাহসিকতার গল্প তুলে ধরে সাংবাদিক ও লেখক মোঃ মোস্তফা খানের রচিত উপন্যাস ‘একটি কলমের দাম’ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক নিজেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস এবং প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ড. মশিউর রহমান মৃধা।
সাংবাদিক এস এম শরীফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, উপন্যাসটিতে মফস্বল সাংবাদিকদের বাস্তবতা, পেশাগত চ্যালেঞ্জ, সাহস ও দায়িত্ববোধের প্রতিচ্ছবি উঠে এসেছে।
লেখক মোস্তফা খান জানান, বইটি তিনি উৎসর্গ করেছেন সেই সব সাংবাদিকদের, যারা প্রতিকূলতার মধ্যেও সত্য প্রকাশে অবিচল থাকেন।
ইচ্ছে স্বপ্ন প্রকাশনী থেকে প্রকাশিত বইটি অমর একুশে বইমেলার স্টল নম্বর ২৩০-এ পাওয়া যাচ্ছে। পাশাপাশি রকমারি ডটকমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও বইটি প্রি-অর্ডার করা যাচ্ছে।
Leave a Reply