
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে কলাবাগানে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাফিজুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার সানেরবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাফিজুর উপজেলার জিনারদী ইউনিয়নের আতসীপাড়া গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী বুধবার বিকেলে আতসীপাড়া গ্রামে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে গল্প ও সাইকেল চালিয়ে সময় কাটিয়ে সন্ধ্যা নাগাদ নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হয়।
পথিমধ্যে আতসীপাড়া গ্রামের রাস্তায় ওত পেতে থাকা অর্জুন বাদশা ও হাফিজুর রহমান ওই শিক্ষার্থীর পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।
ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর পরিবার পলাশ থানায় এসে অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামে পুলিশ এবং ভোরে মূল অভিযুক্ত হাফিজুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
"ধর্ষণের ঘটনায় দুইজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এদের মধ্যে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
— মো. কুতুবুল আলম, ওসি (তদন্ত), পলাশ থানা।
বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক পরীক্ষা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক অপর আসামিকে ধরতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।