
বাংলাদেশে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদী জেলার মাধবদী এলাকায়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৭—গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি এটি বলে নিশ্চিত করেছেন আবহাওয়াবিদরা।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নোয়াখালী–সিলেট ফাটল রেখার অংশ, যার একটি শাখা নরসিংদী দিয়ে গেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী বলেন, “নোয়াখালী–সিলেট লাইনের ফাটলের একটি ছোট অংশ নরসিংদীতে রয়েছে। তাই এ এলাকায় ভূমিকম্পের উৎপত্তি অস্বাভাবিক নয়।” তাঁর ভাষায়, ঢাকার এত কাছে এই মাত্রার ভূমিকম্প অতীতে ঘটেনি।
ভূমিকম্পে ঢাকায় এখন পর্যন্ত ৭ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হওয়ার প্রাথমিক তথ্য মিলেছে। রাজধানীর বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
পরিস্থিতি মোকাবিলায় তৎপরতা বাড়াতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, উদ্ধার তৎপরতা এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষটি চালু করা হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা শাখার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যে কোনো দুর্ঘটনা-সংক্রান্ত তথ্য জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ কক্ষে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
জরুরি নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ নম্বর:
📞 মোবাইল: ০১৭০০-৭১৬৬৭৮
☎️ ফোন: ০২-৪১০৫১০৬৫
ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply