
শিজুওকা, জাপান — শিজুওকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো “জাপান-বাংলাদেশ সম্পর্ক বিষয়ক মতবিনিময় সভা”। এই মিলনমেলায় জাপান ও বাংলাদেশ—দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিজুওকা প্রশাসনিক অঞ্চলের কমিশনার ও শিজুওকা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, জাপানের বর্ষীয়ান রাজনীতিবিদ আমানু হাজিমে সেনসি। বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সামাজিক ব্যক্তিত্ব জাহিদুল কবির ভূঁইয়া জাহিদ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিজুওকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিয়াজ আহমেদ জুয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন শিজুওকা সিটির সাবেক কমিশনার মিজুনু সেনসি, কতবা ইন্টারন্যাশনাল জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের বিভাগীয় প্রধান হাকামাদা সেনসি, জাপানি পার্লামেন্ট সদস্যদের সেক্রেটারি হিরোমাসা তসুকা সেনসি, স্থানীয় বিশিষ্ট জাপানি নাগরিকগণ ও শিজুওকায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবী ও শিক্ষার্থীবৃন্দ।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের নরসিংদী ও জাপানের শিজুওকা সিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা, বিশ্বাস ও বন্ধুত্বের ভিত্তিতে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলা সম্ভব। প্রধান অতিথি আমানু হাজিমে সেনসি দুই শহরের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক বিনিময় আরও বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন।
এই মতবিনিময় সভা দুই দেশের জনগণের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply